প্রশাসনের যেসব কর্মকর্তা বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা প্রকাশ্যে ওই সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর প্রথমেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
তিনি জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৭৮টি পদের মধ্যে ৩৬৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২ হাজার ৯৪০ জন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে আব্দুল বারী বলেন, বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর ৭ মাসের মধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি জানান, ৪৬তম বিসিএসের ক্ষেত্রে সময় লেগেছে ২ বছর ২ মাস ৯ দিন, ৪৫তম বিসিএসে ২ বছর ১১ মাস ২৭ দিন এবং ৪৪তম বিসিএসে সময় লেগেছে ৩ বছর ৭ মাস। ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত থেকে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করার নীতি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা-কর্মচারীর হার ২৯ শতাংশ।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় মামলার মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়। তিনি জানান, এসব তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডসিয়ারে সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের সময় তা বিবেচনায় নেওয়া হয়।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উদ্যোগে ৬টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে শৃঙ্খলা, নৈতিকতা ও পদস্খলনের পরিণতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আরও ৮টি প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সে দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।